
ফাইল ছবি
কুলাউড়া প্রতিনিধি : এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকিতে অকাল বন্যায় মাছে মড়ক লাগার পর হাওরে প্রথম দফায় বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গত ২৮ মে (বোরবার) হাকালুকি হাওর তীরের ইসলামগঞ্জ বাজার এলাকায় এই মাছের পোনা অবমুক্তকরণের কার্যক্রম শুরু হয়। মৎস্য অধিদপ্তরের উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারি স্থাপন ও পোনা অবমুক্তকরণ প্রকল্পের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হয়। টানা ৪ দিন মাছের পোনা অবমুক্ত করা হবে বলে জানা গেছে।
হাকালুকি হাওরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন এমপি, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ। এছাড়া মৎস্য অধিদফতর থেকে আসা জেলা মৎস্য কর্মকর্তা (রিজার্ভ) ও ২ জন সহকারি পরিচালক উপস্থিত ছিলেন।
কুলাউড়া উপজেলা মৎস্য অফিসার সুলতান মাহমুদ জানান, আনুষ্ঠানিক উদ্বোধনকালে বিভিন্ন জাতের ৪০৬ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। এক কার্যক্রম টানা ৪দিন চলবে। এই ৪ দিনে মোট ২ হাজার ৬শ ৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হবে।
স্থানীয়রা জানান, কুলাউড়া ছাড়াও হাকালুকি হাওর তীরের বাকি ৪টি উপজেলা থেকে যদি এভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়, তাহলে কিছুদিন আগে হাওরে মাছে যে মড়ক লেগেছিলো সেই বিপর্যয় কাটিয়ে উঠা সম্ভব হবে।

