
বক্তব্য দিচ্ছেন উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. বদরুল আলম
নিজস্ব প্রতিনিধি : যুব উন্নয়ন অধিদপ্তরের টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) প্রকল্পের মাধ্যমে ধারাবাহিকভাবে দেশের ৭টি বিভাগের ৬৪টি জেলার উপজেলা পর্যায়ে বেকার যুব ও যুব নারীদের বিনামূল্যে কম্পিউটার ও ইন্টারনেট বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম চলছে।
এর ধারাবাহিকতায় বরগুনার তালতলী উপজেলায় গতকাল ২ মে আইসিটি মোবাইল ভ্যানে মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের আওতায় ৪০ জন যুবক ও যুবনারীকে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কম্পিউটার বিষয়ক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌসিফ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান। আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. বদরুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন এবং কম্পিউটার কোর্সের প্রশিক্ষক এস. এম. এ. পারভেজ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন কমল চন্দ্র শীল।
ফেনীর দাগনভূঁইয়ায় সনদপত্র বিতরণ : এদিকে, ফেনীর জেলার দাগনভূঁইয়া উপজেলায় গত ৩০ এপ্রিল মাসব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঞাঁ, বিশেষ অতিথি ছিলেন জেলা (ফেনী) যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আলী হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা (ফেনী) যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুদুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন ও কম্পিউটার কোর্সে প্রশিক্ষক আলমগীর।

