টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ছেলের হাতে বাবা খুনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরের দিকে উপজেলার চরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. লাল মিয়া (৬০)। তিনি পেশায় একজন রিকশাচালক।
স্থানীয়রা জানান, লাল মিয়া অনেক দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত শুক্রবার তার চিকিৎসার জন্য তিনি তার পোষা গাভি বিক্রির কথা ছেলে আজাহার মিয়াকে জানায়। এ সময় আজাহার ক্ষুব্ধ হয়ে তার বাবাকে মারধর করে। পরে স্বজনরা এগিয়ে আসলে আজাহার পালিয়ে যায়।
আজ তার বাবা গাভিটি বিক্রি করেছে এমন খবর শুনতে পেয়ে রেগে গিয়ে ঘরে থাকা দা দিয়ে বাবাকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আজাহারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

