বিনোদন ডেস্ক : অবশেষে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ হলো বলিউড নির্মাতা-অভিনেতা ফারহান আখতার ও অধুনা ভবানীর। গত সোমবার (২৪ এপ্রিল) বান্দ্রার পারিবারিক আদালতে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।
এ প্রসঙ্গে ফারহানের আইনজীবী ফাজা শ্রুফ বলেন, ‘পারস্পরিক সম্মতির মাধ্যমে তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। বান্দ্রার পারিবারিক আদালত তাদের বিচ্ছেদের অনুমোদন দেয়।’ গতকাল সোমবার আদালতে ফারহান আখতার ও অধুনা ভবানী উপস্থিত ছিলেন।
এক যুগেরও বেশি সময় সংসার করার পর দাম্পত্য জীবনের ইতি টানলেন ফারহান-আধুনা। গত বছর ২১ জানুয়ারি বিচ্ছেদের বিষয়টি সবার সামনে প্রকাশ করেন তারা। তিন বছর প্রেম করার পর ২০০০ সালে বিয়ে করেন এ জুটি। দাম্পত্য জীবনে তাদের সাকিয়া এবং আকিরা নামে দুটি কন্যা সন্তান রয়েছে। তাদের দুই সন্তান অধুনার কাছে থাকবে। তবে ফারহান চাইলে তাদের সঙ্গে দেখা করতে পারবেন বলেও জানিয়েছেন ফারহানের আইনজীবী।
বিচ্ছেদের ঘোষণা দিয়ে এ দম্পতি এক বিবৃতিতে বলেছিলেন, ‘আমরা (আধুনা এবং ফারহান) অনেক ভেবেচিন্তে ঘোষণা করছি, আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে সন্তানরা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, তাই বাবা-মা হিসেবে আমাদের সন্তানদের সকল দ্বায়িত্ব আমরা পালন করব। যেন তারা সকল প্রকার গুঞ্জন এবং মানুষের কটুক্তি থেকে মুক্ত থাকে।’

