ঢাকাFriday , 14 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর বিভাগ বাস্তবায়ন পদ্মা নামে: এলজিআরডি মন্ত্রী

Link Copied!

Mosharrafফরিদপুর প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অচিরেই বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা নিয়ে বিভাগ বাস্তবায়িত হতে যাচ্ছে, যার নাম ফরিদপুরের ঐতিহ্য পদ্মা নদীর নামে।এর সদর দপ্তর হবে ফরিদপুরে। এ ছাড়া ফরিদপুরে একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানান মন্ত্রী।
শুক্রবার বেলা ১১টায় অম্বিকা ময়দানে জেলা প্রশাসন আয়োজিত পহেলা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব তথ্য জানান।
এলজিআরডি মন্ত্রী বলেন, ঈদ ও পূজার চেয়েও বড় উৎসব পহেলা বৈশাখ। এটি কোনো সুনির্দিষ্ট মানুষের ধর্মের উৎসব নয়, পহেলা বৈশাখ পুরো বাঙালি জাতির উৎসব। আর অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্র সবচেয়ে বেশি ফুটে ওঠে এই পহেলা বৈশাখে। সব ধর্মের মানুষ এক হয়ে এই উৎসব আনন্দের সঙ্গে উদযাপন করছে। ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা পিপিএম প্রমুখ বক্তব্য দেন।
ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, যে স্বপ্নের সোনার বাংলা গঠনের লক্ষ্যে বঙ্গবন্ধু তার জীবন উৎসর্গ করে গেছেন, সব শ্রেণি-পেশার মানুষকে তার আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করার মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সুশিক্ষা দানের মাধ্যমে ভবিষ্যতের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি তাগিদ দেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রযাত্রা কোনো অপশক্তি থামাতে পারবে না উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী বলেন, ‘জাতির পিতার অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।’
পরে মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে আবৃত্তি, গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।