স্পোর্টস ডেস্ক : বৃষ্টির কারণে ডানেডিন টেস্ট ড্র’র পর দ্বিতীয় টেস্টে ওয়েলিংটনে দক্ষিণ আফ্রিকাকে স্বাগত জানাতে প্রস্তুত নিউজিল্যান্ড। তবে ঘরের মাঠের ওই ম্যাচে ফর্মে থাকা বোলার ট্রেন্ট বোল্টকে পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে কিউই শিবির। ডানেডিন টেস্ট থেকেই কুঁচকির চোটে ভুগছেন বোল্ট। চোটের কারণে সোমবার ঠিকমতো অনুশীলন করতে পারেননি তিনি। তবে শঙ্কা থাকলেও শেষ সময় পর্যন্ত তার জন্য অপেক্ষার কথা জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের নির্বাচকরা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে কুঁচকিতে চোট পান বোল্ট। চোটের কারণে দ্বিতীয় ইনিংসে ১৫ ওভারের বেশি বোলিং করতে পারেননি তিনি। এরপর থেকে ডাক্তারের পরামর্শ মেনে চলছেন কিউই এ পেসার।
দ্বিতীয় টেস্টে শেষ সময় পর্যন্ত প্রস্তুত হতে না পারলে বোল্টের পরিবর্তে টিম সাউদিকে দলে ডাকা হতে পারে। সাউদির পারফরম্যান্স নিয়ে প্রোটিয়া ব্যাটসম্যান টেম্বা বাভুমা বলেন, ‘সাউদি মানসম্পন্ন একজন বোলার। বিশেষ করে এই কন্ডিশনে সে বেশ দক্ষ। ভাগ্যক্রমে আমাদেরকে তার বিপক্ষে খেলা লাগতে পারে। আমি আগেও তার বিপক্ষে খেলেছি। তবে তার আক্রমন সম্পর্কে আমরা সজাগ রয়েছি। সাউদির বিপক্ষে সফল হতে আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’

