নিজস্ব প্রতিবেদক : অমর একুশে গ্রন্থ মেলায় প্রকাশিত হয়েছে কৃষিবিদ ড. মো. জাহাঙ্গীর আলমের কাব্যগ্রন্থ ‘কল্প কৌটায় গল্প গন্ধী’ এবং গল্পগ্রন্থ সুবর্ণ গ্রাম। বই দু’টি প্রকাশ করেছে প্রকীর্তি মিডিয়া এন্ড কমিউনিকেশন।
কবি প্রাবন্ধিক কৃষি বিশেষজ্ঞ মো. জাহাঙ্গীর আলমের সাহিত্যে পদচারণা প্রায় তিন যুগের। তার প্রতিটি লেখায় যেমন সাহিত্যের রসবোধ আছে তেমনি আছে বাস্তবতার সুবাতাস। কৃষি বিষয়ক লেখায় তার প্রাণের তাগিদ একটু বেশি; কেননা তিনি একজন কৃষিবিদ। বর্তমানে তিনি কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি তথ্য সার্ভিসের উপ-পরিচালক হিসেবে কর্মরত।
কল্প কৌটায় গল্প গন্ধী কাব্যগ্রন্থে মোট ৪৭টি কবিতা স্থান পেয়েছে। কবির নোঙর কাব্যগ্রন্থের প্রায় এক দশক পর প্রকাশ হলো কল্প কৌটায় গল্প গন্ধী। বইটিতে কবির নিজস্ব স্বকীয়তা বিদ্যমান, বাক্যমালায় ফুটিয়ে তুলেছেন কাব্যিক বাসনাকে। বইটির শুভেচ্ছা মূল্য ১৫০ টাকা।
অন্যদিকে, সুবর্ণ গ্রাম ১৬টি গল্পে সাজানো, বিভিন্ন বিষয় যার উপজীব্য। লেখক তার নিজস্ব ঢংয়ে সাজিয়েছেন গল্পগুলো। বইটির শুভেচ্ছা মূল্য ১৭৫ টাকা।
মো. জাহাঙ্গীর আলম মেধা মননে স্বভাবে প্রকৃতিতে পুরোদস্তুর কৃষিবিদ। এরপরও কৃষি সাহিত্য ভুবনে অন্য যেকোন একজনের চেয়ে এগিয়ে। বিশেষ করে বাক্য চয়ন, শব্দ গাঁথুনি আর উপস্থাপনার মুন্সিয়ানাতে। কৃষি সাহিত্যে নতুন মাত্রা যোগ করাতে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন তিনি। পেশাগত চাহিদার কারণে মিডিয়ার সাথেও ঘনিষ্ঠ যোগাযোগ তার। বেতার, টেলিভিশন, কমিউনিটি রেডিও, প্রিন্ট মিডিয়া সব জায়গায় যোগ্যতা ও দক্ষতায় নিত্য সচল রেখেছেন নিজেকে। এসব মিডিয়ায় লাইভ কিংবা রেকর্ডেড প্রোগ্রাম গ্রন্থনা, উপস্থাপনা, পরিচালনা, বিশেষজ্ঞ হিসেবে মেন্টর মডারেটর সবকিছুর সাথেই সম্পৃক্ত আছেন। মিডিয়া এন্ড কমিউনিকেশনের উপর পিএইচডি করেছেন নাট্যাচার্য ড. সেলিম আল দীন এবং সাহিত্য বিশেষজ্ঞ অধ্যাপক ড. আফসার আহমেদের সাথে। কৃষিভিত্তিক মিডিয়া আর কমিউনিকেশনে অভিজ্ঞতা অর্জন করেছেন গত ৩০ বছর ধরে। কৃষি সাংবাদিকতা এবং কৃষি মিডিয়াতে শক্ত অবস্থানও সৃষ্টি করেছেন ইতোমধ্যে।

