স্পোর্টস ডেস্ক : ডানেডিন টেস্টে নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে ৩৪১ রানে অলআউট করতে বড় অবদান কেশব মহারাজের। ৬৪ রানের মধ্যে পড়া নিউজিল্যান্ডের শেষ পাঁচ উইকেটের চারটিই নিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই বাঁহাতি স্পিনার।
সব মিলিয়ে ইনিংসে ৯৪ রানে ৫ উইকেট নিয়েছেন মহারাজ। ক্যারিয়ারের পঞ্চম টেস্টে প্রথমবার পাঁচ উইকেট পেলেন। ৫৩ বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে পাঁচ উইকেট পেলেন দক্ষিণ আফ্রিকার কোনো স্পিনার। সবশেষ ১৯৬৪ সালে এই ডানেডিনেই দ্বিতীয় ইনিংসে ৫৮ রানে ৬ উইকেট নিয়েছিলেন প্রাক্তন অফ স্পিনার ডেভিড পিথে।
সব মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকান স্পিনারের পাঁচ উইকেট নেওয়ার সপ্তম ঘটনা এটি। বাকি পাঁচবারের তিনটি প্রাক্তন অফ স্পিনার হাগ টয়ফিল্ডের, দুটি প্রাক্তন লেগ স্পিনার কুইন্টন ম্যাকমিলানের।

