ঢাকাWednesday , 8 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় মহিলা সংস্থায় কম্পিউটার প্রশিক্ষণ

Link Copied!

ictপ্রযুক্তি ডেস্ক : জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প বদলে দিয়েছে রোকসানা, ফাতেমা ও ইয়াসমিনের মতো হাজারো নারীর জীবন। দেশের ৬৪টি জেলায় চলছে নারীদের ৬ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ। আর তা পরিচালনা করছে জাতীয় মহিলা সংস্থা।
সফল প্রশিক্ষণ শেষে গাজিপুরের এলজি ইলেক্ট্রনিক্স লি. কাস্টমার রিলেশন অফিসার হিসেবে কাজ করছেন রোকসানা আক্তার। সুনামগঞ্জের হিলিং ল্যাবের কম্পিউটার প্রশিক্ষক হিসেবে কাজ করছেন জয়া দাস, টাঙ্গাইল জেলার দেলদুয়ার ইউনিয়ন পরিষদের তথ্য কেন্দ্রে কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতেমা আক্তার, বাগেরহাটের মেয়ে সুবর্না ইয়াসমিন ঢাকায় এ.আই.আর ওয়ার্ল্ড কমিউনিকেশনের জুনিয়র এক্সিকিউটিভ পদে চাকরি করছেন- এমন প্রায় কয়েক হাজার নারী আজ স্বাবলম্বী হয়েছেন, যারা জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প থেকে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন।
বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কয়েকটি প্রকল্পে নারীর উন্নতি ও ক্ষমতায়নের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে সম্পৃক্ত করা হয়েছে। যার মধ্যে অন্যতম একটি প্রকল্প ‘জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ’। শিক্ষিত বেকার নারীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাদেরকে আত্ননির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ পর্যন্ত প্রায় ১৫০০০ নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
প্রতিটি জেলায় ৪৫-৫০ জন নারীকে জাতীয় মহিলা সংস্থা প্রশিক্ষণ প্রদান করছে। শুধুমাত্র নারীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র হওয়ায় সকল শ্রেণীর মেয়েরা এখানে সহজে প্রশিক্ষণ নিতে পারছেন বলে জানালেন এক প্রশিক্ষণার্থী। নারীবান্ধব পরিবেশ ছাড়াও ক্লাসে হাতে কলমে শেখানোর মান নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি।
জাতীয় মহিলা সংস্থা, বাগেরহাট জেলার চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফা খানম এ প্রকল্প সম্পর্কে বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদেরকে সম্পৃক্ত করার জন্য বর্তমান সরকার সকল প্রকার উদ্যোগ নিয়েছে। জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল এবং যুগোপযোগী একটি পদক্ষেপ।
বাগেরহাট জেলা মহিলা সংস্থার সহকারী প্রোগ্রামার মো. সোলায়মান হোসেন এর সঙ্গে কথা হলে তিনি জানান, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ছয়মাস মেয়াদি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স আমরা করিয়ে থাকি। মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের গ্রাফিক্স ডিজাইন ও আউটসোর্সিং বিষয়ে মৌলিক ধারণা দেওয়া হয় যাতে তারা ঘরে বসে অনলাইন মার্কেটপ্লেসে কাজ করার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন।
সোলাইমান আরো জানান, ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে শিক্ষার পাশাপাশি নারীদের প্রযুক্তিগত প্রাথমিক জ্ঞান থাকা দরকার। একাডেমিক ভালো ফলাফলের পাশাপাশি প্রযুক্তি বিষয়ে জ্ঞান নারীদের কর্মক্ষেত্রেও এগিয়ে রাখছে।
ভর্তি প্রক্রিয়া সম্পর্কে সোলাইমান জানান, প্রতি বছর জানুয়ারি-জুন এবং জুলাই-ডিসেম্বর সেশনে ভর্তি নেওয়া হয়। প্রতি ব্যাচে আসন ৪০-৫০টি। সকাল ও বিকাল ২ শিফটে প্রশিক্ষণ দেওয়া হয়।
ভর্তির ন্যুনতম যোগ্যতা এস.এস.সি/সমমান পাস। প্রতি ব্যাচের প্রশিক্ষণ শেষে ৩ জনকে জাতীয় মহিলা সংস্থায় ছয়মাসের জন্য ইন্টার্নিশিপের সুযোগ দেওয়া হয়।
বিস্তারিত তথ্য জানতে নিকটস্থ ‘জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প (৬৪ জেলা)’ জেলা শাখা অফিসে যোগাযোগ করতে পারেন। প্রত্যেক জেলাতে এর অফিস রয়েছে। ওয়েবসাইট: www.dbwctp64.gov.bd।