নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘কেয়ামত পর্যন্ত অপেক্ষা করব তবুও শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাব না।’
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, ‘দৃঢ়চিত্তে এটুকু বলতে চাই, কেয়ামত পর্যন্ত অপেক্ষা করব তবুও শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাব না। যারা আমাদের জন্য রক্ত দিয়েছেন, তাদের রক্তের সাথে বেইমানি করতে পারব না। কোনো আপস নয়, শুধু সংগ্রাম। সেই জন্যই বলছি, কোনো জুজুর ভয় দেখাবেন না। জনগণের মন থেকে যে আপনারা প্রত্যাখ্যাত এবং সেটি প্রমাণিত।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ বলছে বিএনপির নিবন্ধন নাকি বাতিল হয়ে যাবে। আমাদের কথা হচ্ছে, জনগণের জন্য কিছু করতে না পারলে নিবন্ধন দিয়ে কী করব?’
নিরপেক্ষ নির্বাচনের কথা উল্লেখ করে গয়েশ্বর বলেন, আওয়ামী লীগ নির্বাচন ফেয়ার করলে নৌকা তো ডুবে যাবে। নৌকা না ডুবলেও পানির জোয়ারে তলা ফেটে যাবে। এই ফাটা নৌকা নিয়ে জোর গলায় কিছু বলতে পারছে না।
সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মোহাম্মদ রহমতউল্লাহ, খালেদা ইয়াসমীন প্রমুখ।

