নিজস্ব প্রতিবেদক : নিজের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রাক্তন সংসদ সদস্য কাজী আনোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া। শুক্রবার দুপুরে এক শোকবাণীতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকার্ত পরিবার, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
শুক্রবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন কাজী আনোয়ার হোসেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর।
শোকবাণীতে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘মরহুম কাজী আনোয়ার হোসেন নিজ এলাকায় একজন জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে অত্যন্ত পরিচিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শের বলিষ্ঠ অনুসারী মরহুম কাজী আনোয়ার হোসেন এলাকার বিএনপি নেতা-কর্মী ও জনগণের মধ্যে ছিলেন অত্যন্ত সমাদৃত।’
খালেদা জিয়া বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে জনকল্যাণমূলক কাজে তিনি যে অবদান রেখেছেন সে কারণে এলাকাবাসী তাকে বারবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছে। বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনই ছিল তার রাজনীতি ও কর্মকাণ্ডের মূল প্রেরণা। তিনি ছিলেন অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী স্বভাবের একজন মানুষ।’
বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে মরহুম আনোয়ার হোসেনের অবদান তুলে ধরে তিনি বলেন, ‘বহুদলীয় গণতান্ত্রিক চেতনাকে দৃঢ়ভাবে বুকে ধারণ করে মানুষের বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতার স্বপক্ষে গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির প্রতিটি কর্মসূচিতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তার অবদান বিএনপি নেতা-কর্মীদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে।’
অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কাজী আনোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।

