
কৃষিবিদ ইনস্টিটিউশন ভবন
নিজস্ব প্রতিবেদক : র্যালি, আলোচনা সভা ও পিঠা উৎসবের মধ্য দিয়ে আজ ১৩ ফেব্রুয়ারি কৃষিবিদ দিবস পালিত হয়েছে। এদিন রাজধানীর খামাবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বর কৃষিবিদদের মিলনমেলায় পরিণত হয়।
দিবসটি পালন উপলক্ষে রাজধানী ও সারাদেশ থেকে আগত কৃষিবিদরা কেআইবি চত্বরে সমবেত হন। সকাল দশটায় কেআইবি সভাপতি এএমএম সালেহ এবং সাধারণ সম্পাদক মো. খায়রুল আলম প্রিন্সসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও কৃষিবিদরা র্যালিসহকারে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এ সময় বিসিএস (কৃষি) এসোসিয়েশন, কেআইবি ঢাকা মহানগর শাখা, বিসিএস লাইভস্টক এসোসিয়েশন, বিসিএস ফিশারিজ এসোসিয়েশন, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ, ব্রি, বারি, পাট গবেষণা ইনস্টিটিউট ও এসআরডিআইসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দুপুরে কেআইবি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বিকেলে কেআইবি চত্বরে নানা স্বাদের বাহারি পিঠা উৎসবেরও আয়োজন করা হয়।

