
সভায় বক্তব্য দিচ্ছেন বিজেআরআই’র মহাপরিচালক ড. মো. মনজুরুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. মো. কামাল উদ্দিন এবং মো. আব্দুস সোবাহান শেখ
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)’র জুট এন্ড টেক্সটাইল প্রোডাক্ট ডেভেলপমেন্ট সেন্টার (জেটিপিডিসি) উইংয়ে ২০১৭ সালের অভ্যন্তরীণ মূল্যায়ন সভা গত ৮ ফেব্রুয়ারি (বুধবার) অনুষ্ঠিত হয়েছে।
সভায় ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মনজুরুল আলম উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় সাবেক মহাপরিচালক ড. মো. কামাল উদ্দিন এবং মো. আব্দুস সোবাহান শেখ উপস্থিত ছিলেন। পরিচালক (কারিগরি) ড. মো. আসাদুজ্জামান এবং পরিচালক (কৃষি) ড. রহিমা খাতুনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ড. মো. মনজুরুল আলম বলেন, ইনস্টিটিউটের তিনটি উইংয়ের কার্যক্রমে গতিশীলতা আনয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি বার্ষিক কর্মসম্পাদন চুক্তির অংশ হিসেবে কর্মপ্রেরণার জন্য বিজ্ঞানমনস্ক চিন্তাচেতনার প্রসার ও নতুন প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে ডকুমেন্টরি কার্যক্রমের উপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি জেটিপিডিসি উইং সৃজনে সাবেক মহাপরিচালক ড. মো. কামাল উদ্দিন এবং মো. সোবাহান শেখের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন এবং তাদের পরামর্শ, উপদেশ গ্রহণ করে উইংয়ের গবেষণা কার্যক্রমকে আরো সমৃদ্ধ করার আহ্বান জানান।
পরিচালক (জুট টেক্সটাইল) ড. মো. আবুল কালাম আজাদের সভাপতিত্ব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেটিপিডিসি উইংয়ের সিএসও মো. মিনহাজ উদ্দিন যোবায়ের। দিনব্যাপী কর্মশালায় গবেষণা কর্মসূচি পর্যালোচনা করে লাগসই ও নতুন প্রযুক্তি উদ্ভাবনে বিজ্ঞানীগণ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন।

