খুলনা প্রতিনিধি : খুলনার জিরোপয়েন্ট এলাকায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার ফজরের নামাজের পর কাকরাইল জামে মসজিদের আলেম মাওলানা উসামার আমবয়ানের মধ্যদিয়ে এ ইজতেমা শুরু হয়। বয়ানে ঈমান, আকিদা, তাকওয়া, খোদাভীতি এবং জানমালের কোরবানির মাধ্যমে ইসলামের দাওয়াত সকল মানুষের কাছে পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া কোরআন-হাদিসের আলোকে জীবন গড়তে আহ্বান জানানো হয়।
এর আগে বুধবার রাতে বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা ইজতেমাস্থলে আসা শুরু করেন। লাখ লাখ মুসল্লি ও বিদেশিদের নিরাপত্তার জন্য দুই হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে।ইজতেমা আয়োজক কমিটির সদস্য ইকবাল কবির বুলু জানান, খাবার পানি ও অজুর জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ৩২টি ট্যাংক সরবরাহ করেছে। পাইপ লাইনের মাধ্যমে ওয়াসা প্রয়োজনীয় পানি সরবরাহ করছে। সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা থাকবে।
খুলনার পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি বলেন, ইজতেমার নিরাপত্তার জন্য ২ হাজার পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে এবং তিন স্তরবিশিষ্ট নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। এ ছাড়া ৫৪টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। জেলা ইজতেমার সমন্বয়কারী কাজী মো. তারেক জানান, শনিবার জোহরের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি হবে।

