গাজীপুর প্রতিনিধি : দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গাজীপুর প্রেসক্লাব। মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে রাজবাড়ি সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে গাজীপুর প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন, গাজীপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও গাজীপুর সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধনে গাজীপুর প্রেসক্লাবের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মো. দেলোয়ার হোসেন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির আহমেদ, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, গাজীপুর প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সজিব, যুগ্ম সম্পাদক মো. মনিরুজ্জামান, দৈনিক সমকালের গাজীপুর প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন, গাজীপুরের সাপ্তাহিক বাংলাভূমির প্রধান সম্পাদক সৈয়দ মোকসেদুল আলম লিটন, দৈনিক জনতার গাজীপুর প্রতিনিধি রাহিম সরকার প্রমুখ। মানববন্ধনে বক্তারা শিমুল হত্যার বিচারসহ দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

