
বিএডিসি’র কর্মকর্তাদের মাঝে কর্পোরেট সিম সরবরাহের বিষয়ে চুক্তিপত্র হস্তান্তর করছেন সংস্থাটির সচিব তুলসী রঞ্জন সাহা এবং বাংলালিংকের বিটুবি বিজনেস ডিরেক্টর মো. নেছার ইউসুফ। এ সময় বিএডিসি’র চেয়ারম্যান মো. নাসিরুজ্জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এবং মোবাইল অপারেটর বাংলালিংকের মধ্যে বিএডিসি কর্মকর্তাদের মাঝে কর্পোরেট সিম সরবরাহের বিষয়ে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। আজ ৬ ফেব্রুয়ারি (সোমবার) বিএডিসি’র সদর দপ্তর কৃষি ভবনের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তির মাধ্যমে বিএডিসি’র সদর দপ্তর ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে যোগাযোগ দ্রুত ও সহজীকরণের উদ্দেশ্যে কর্মকর্তাদের মাঝে বাংলালিংক কর্পোরেট সিম বিতরণ করা হবে। চুক্তিপত্রে বিএডিসি’র পক্ষে সচিব তুলসী রঞ্জন সাহা এবং বাংলালিংকের পক্ষে বিটুবি বিজনেস ডিরেক্টর মো. নেছার ইউসুফ স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএডিসি’র চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান, সদস্য পরিচালক (ক্ষুদ্রসেচ) মো. মনোয়ারুল ইসলাম, সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মো. মাহমুদ হোসেন, সদস্য পরিচালক (অর্থ) মোহাম্মদ মাহফুজুল হক এবং সদস্য পরিচালক (সার ব্যবস্থাপনা) মো. আব্দুল জলিল। এছাড়া বিএডিসি ও বাংলালিংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কর্পোরেট সিমের মাধ্যমে বিএডিসি’র সদর দপ্তর ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাঝে কমন ম্যাসেজ/ইনস্ট্রাকশন, ভয়েস ম্যাসেজ প্রেরণ করা যাবে। এছাড়া কৃষকদের নিকট বন্যা পরবর্তী করণীয়, নতুন জাত/প্রযুক্তি/অন্যান্য তথ্য প্রেরণ করা সম্ভব হবে।

