শরীয়তপুর প্রতিনিধি : জঙ্গি এবং মাদকের বিরুদ্ধে পরিবার থেকে শুরু করে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, ‘জঙ্গি ও মাদকের বিরুদ্ধে পরিবার থেকে শুরু করে সকলকে সোচ্চার ও সতর্ক থাকতে হবে। অভিভাবকদের চোখ, কান খোলা রাখতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, কী করছে- সেদিকে খেয়াল রাখতে হবে।’
রোববার দুপুরে শরীয়তপুরে পালং তুলাসার গুরুদাস সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এ সময় তিনি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে স্মৃতিচারণ করেন।
পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক বলেন, ‘জঙ্গি ও মাদক দমনে আমরা জনগণের সহায়তায় আল্লাহর রহমতে যথেষ্ট সাফল্য দেখিয়েছি। কিন্তু জঙ্গি দমন কঠিন ব্যাপার। তাই জঙ্গি ও মাদক নির্মূল করতে হলে সকলের সহযোগিতা দরকার।’
তিনি বলেন, ‘জঙ্গিদের চেয়েও কোনো অংশে কম নয় মাদক। মাদকে আসক্ত হয়ে এমন কোনো কাজ নেই যা তারা না করে। এমনকি বাবা, মাকে হত্যা করতেও দ্বিধাবোধ করে না।’
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আলাউদ্দীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শরীয়তপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, সদর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল প্রমুখ।

