নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে দেশের ১২ জন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি।আগামী সোমবার বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিশিষ্ট এই ১২ ব্যক্তি হলেন- হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুর রশিদ, অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এস এম এ ফায়েজ, আইনজীবী সুলতানা কামাল, প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, প্রাক্তন নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ও প্রাক্তন আইজিপি নুরুল হুদা।
শনিবার দুপুরে পৌনে দুই ঘণ্টাব্যাপী সার্চ কমিটির প্রথম বৈঠক শেষে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
বৈঠকে সার্চ কমিটির চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে সার্চ কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার উপস্থিত ছিলেন।

