স্পোর্টস ডেস্ক : ভারতের সবচেয়ে সফল অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি পদ্ম ভূষণ পুরস্কার পেতে যাচ্ছেন। ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্ম ভূষণ এর জন্য প্রণিত তালিকায় তার নামও অন্তর্ভূক্ত হচ্ছে। এর আগে ২০০৯ সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। ধোনির পাশাপাশি রিও অলিম্পিকে ব্যাডমিন্টনে রৌপ্য জয়ী পিভি সিন্ধুও এই পুরস্কার পেতে যাচ্ছেন।
ভারতকে দুই বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া ধোনির নাম পদ্ম ভূষণ পুরস্কারের তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে ক্লিয়ারেন্স দিয়েছে ভারত সরকার। তিন ফরম্যাটেই ভারতের সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন ধোনি।
ভারতকে ৬০ টেস্টে নেতৃত্ব দেন ধোনি। তার মধ্যে জিতেন রেকর্ড ২৭টিতে। ৩৫ বছর বয়সি ধোনি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু আগে ভারতের সীমিত ওভারের অধিনায়কত্ব থেকে ইস্তফা দেন। তবে তিনি ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
উল্লেখ্য, ভারত সরকার এবার ১২০ জনকে পদ্ম ভূষণ পুরস্কারের জন্য মনোনীত করেছে। তার মধ্যে অধিকাংশই পর্দার আড়ালের নায়ক।

