স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার লিজেন্ড প্রজেক্টে যোগ দিতে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো। তার পর পরই এই প্রজেক্টে যোগ দিতে পারেন আরেক ব্রাজিলিয়ান তারকা রিভালদো। তারা দুজনেই এক সময় বার্সেলোনার হয়ে মাঠ মাতিয়েছেন।
রোনালদিনহোর এজেন্ট রবার্তো ডি অ্যাসিসের সঙ্গে চুক্তির বিষয়ে আজ মঙ্গলবার কথা বলবেন বার্সেলোনার জেনারেল ডিরেক্টর অস্কার গ্রায়াস।
অবশ্য রোনালদিনহোর হাতে বেশ কয়েকটি পেশাদার লিগের প্রস্তাব রয়েছে। তার মধ্যে ব্রাজিল ও চীন অন্যতম। তবে রোনালদিনহো এই পর্যায়ে এসে শীর্ষস্থানীয় কোনো পেশাদার লিগে খেলতে চান না। তবে উপভোগ্য কোনো পরিবেশ হলে তিনি খেলতে রাজি আছেন। এমন সময় তিনি বার্সেলোনার লিজেন্ট প্রোজেক্টের জন্য প্রস্তাব পেয়েছেন। প্রস্তাব পেয়ে তিনি আর ফেরাতে পারেননি। এখন ব্যাটে-বলে মিলে গেলেই আবার বার্সেলোনায় ফিরবেন তিনি।
আজ যদি রোনালদিনহোর এজেন্টের সঙ্গে কথা পাকাপাকি হয়ে যায় তাহলে শুক্রবারই চূড়ান্ত চুক্তির জন্য বার্সেলোনায় আসবেন ২০০৪ ও ২০০৫ সালে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা রোনালদিনহো।
উল্লেখ্য, রোনালদিনহো ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলেছিলেন। এ সময় ১৪৫ ম্যাচে গোল করেছিলেন ৭০টি।

