রাজশাহী প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শহিদুল ইসলাম (৩৫) নামে এক ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাগমারার শ্রীপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শহিদুল শ্রীপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তার বিরুদ্ধে ২০০৫ সালে বাগমারা থানায় বিস্ফোরণ আইনে করা একটি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শহিদুল ইসলাম শ্রীপুর ইসলামিয়া মাদ্রাসার ছাত্র থাকা অবস্থায় ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। ২০০৪ সালে বাগমারায় জেএমবির আত্মপ্রকাশ ও তাণ্ডব শুরু হলে শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের হাত ধরে জেএমবিতে যোগ দেয় শহিদুল। সে সময় শহিদুল এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। পরে জেএমবির পতন ঘটলে শহিদুল আত্মগোপনে চলে যায়।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেন বলেন, শহিদুল দীর্ঘদিন আত্মগোপনে ছিল। কিছুদিন আগে এলাকায় ফিরে সে আবারো জেএমবির পক্ষে সাংগঠনিক তৎপরতা শুরু করে।
বিষয়টি নিশ্চিত হওয়ার পর আজ বাগামারা থানা পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। এ সময় সে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে শহিদুলকে শ্রীপুর বাজার থেকে গ্রেপ্তার করে।
ওসি আরো বলেন, ২০০৫ সালে শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন মৃধার ওপর হামলার ঘটনায় দায়ের করা বিস্ফোরণ মামলার আসামি শহিদুল। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাবাদ করা হবে।

