নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর পুনর্মিলনী অনুষ্ঠানে পাঁচ লক্ষাধিক যুবকের সমাগম ঘটাতে চায় সংগঠনটি।
শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনের চেয়াম্যান ওমর ফারুক চৌধুরী।
আগামীকাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
সংগঠনটির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জনগণের ক্ষমতায়নের’ মাধ্যমে ‘যুব জাগরণের ডাক’ দিয়েছে আওয়ামী যুবলীগ। সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, ‘দেশের যুবকদের মধ্যে জাগরণ সৃষ্টি করতে নিরলস চেষ্টা করে যাচ্ছি আমরা। আমরা চাই, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তি অর্জন। আর এ জন্য যুবসমাজই হচ্ছে মূল চালিকাশক্তি। তাই আমরা দেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে কাজ করে যাচ্ছি।’
যুবলীগ চেয়ারম্যান আরো বলেন, ‘আমরা চাই যুবলীগকে একটি আধুনিক, তথ্য-প্রযুক্তি নির্ভর এবং যুবসমাজের কাঙ্খিত সংগঠন হিসেবে দাঁড় করাতে। যুবলীগ ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে।’
সাংবাদিক সম্মেলনে যুবলীগ চেয়ারম্যান তার সংগঠনের কর্মকাণ্ডের একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন। এর মধ্যে যুবলীগের দুটি প্রকাশনা ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার গণতন্ত্রের জন্য সংগ্রাম’ ও ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দর্শন’ উল্লেখযোগ্য।
সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য ড. আহমেদ আল কবির, মুজিবুর রহমান চৌধুরী, সিরাজুল ইসলাম এমপি, ফারুক হোসেন, আতাউর রহমান, অধ্যাপক আমজাদ হোসেন, এনায়েত কবির চঞ্চল, আবদুস সাত্তার মাসুদ, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মহি, মঞ্জুর আলম শাহীন, সাংগঠনিক সম্পাদক এস এম জাহিদ, ফজলুল হক আতিক, বদিউল আলম, পায়েল মাহমুদ, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, উপ প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাঈনুল হাসান খান নিখিল, দক্ষিণের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ১৯৭২ সালের ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠা করেন তার ভাগিনা শেখ ফজলুল হক মণি। তিনিই যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। সেসময় সাধারণ সম্পাদক ছিলেন নূরে আলম সিদ্দিকী।

