
জাতীয় যুব দিবস উপলক্ষে গতকাল বুধবার যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজিত যুব উদ্যোক্তা পণ্য বাজারের বিভিন্ন স্টল ঘুরে দেখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরে মহাপরিচালক আনোয়ারুল করিম এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) শিশির কুমার রায়সহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
নিজস্ব প্রতিবেদক : জাতীয় যুব দিবস-২০১৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর মতিঝিলস্থ যুব উন্নয়ন অধিদপ্তরে শুরু হয়েছে যুব উদ্যোক্তাদের পণ্য নিয়ে ‘যুব উদ্যোক্তা পণ্য বাজার’। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম এ সময় উপস্থিত ছিলেন।
যুব উদ্যোক্তা পণ্য বাজারে ১৯টি স্টল রয়েছে। এসব স্টলে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে যেসকল যুব প্রকল্প গড়ে নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তারা তাদের উৎপাদিত পণ্য নিয়ে অংশ নিয়েছেন। এর মধ্যে রয়েছে নকসী কাঁথা, জামদানি শাড়ি, কুশন কভার, পাটজাত দ্রব্য, বিভিন্ন ধরণের শোপিস, ফুল, পোশাক, হস্তশিল্প ইত্যাদি। এছাড়া ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যুব উন্নয়ন অধিদপ্তরের আইসিটি কার্যক্রম ও সাফল্য চিত্রের একটি প্রদর্শনী স্টলও রয়েছে। এ পণ্য বাজারে আফরোজা বুটিক্স, ইমা ফ্যাশন, রোকেয়া পল্লি, প্রতিবেশী কুটির শিল্প, নতুনত্ব বুটিক্স ও হ্যান্ডি ক্রাফট, অধরা হ্যান্ডি ক্রাফট অ্যান্ড পার্লার, প্রত্যাশা একাডেমি, যশোর বুটিক্স, উজ্জীবন মহিলা উন্নয়ন সংস্থা, নাবিলা বুটিক্স, নীল মাধব, ইনোভেটিভ জুট ক্রাফট অ্যান্ড ফ্যাশন অংশগ্রহণ করেছে।
আগামীকাল ৪ নভেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ‘যুব উদ্যোক্তা পণ্য বাজার’ সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানা গেছে।

