আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিরাপত্তা বিষয়ক কমিশনার জুলিয়ান কিং সতর্ক করে দিয়ে বলেছেন, ইরাক ফেরত ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধাদের ব্যাপারে ইউরোপকে সতর্ক প্রস্তুতি নিতে হবে। জার্মান দৈনিক ডে ওয়াল্টকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
ইইউর এ কমকর্তা জানান, ইরাকের মসুল শহর আইএসের হাতছাড়া হলে তারা সেখান থেকে পালিয়ে ইউরোপে ফিরে আসতে পারে। জঙ্গিদের একটি ক্ষুদ্র সংখ্যাও ইউরোপের জন্য বিপজ্জনক । তাই তাদের মোকাবেলার জন্য ইউরোপকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে।
সোমবার সকালে ইরাকের সেনাবাহিনী ও কুর্দির পেশমারগা বাহিনী মসুল শহর আইএসের দখল মুক্ত করার জন্য ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে। ইতিমধ্যে ইরাকি বাহিনী দাবি করেছে, তারা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
ধারণা করা হচ্ছে, এ মুহূর্তে মসুলে আইএসের প্রায় ৫ হাজার যোদ্ধা রয়েছে। এদের অর্ধেকেই ইউরোপীয় ইইউনিয়নভুক্ত দেশগুলো থেকে যাওয়া।
জুলিয়ান কিং বলেন, ‘ ইউরোপে আইএসের বিপুল সংখ্যক যোদ্ধার প্রবেশের সম্ভাবনা ক্ষীণ। অতীতে দেখা গেছে, খুব কম সংখ্যক যোদ্ধাই ফিরে এসেছে। আমি ঝুঁকিকে খাটো করে দেখতে চাই না। স্বল্প সংখ্যক জঙ্গিও হুমকি হয়ে দেখা দিতে পারে।’

