নিজস্ব প্রতিবেদক : পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম ফারুক আহমেদের বিভিন্ন দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সুনির্দিষ্ট এমন অভিযোগ যাচাই-বাছাই শেষে সম্প্রতি কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম দুদকের বিভাগীয় কার্যালয়ের পরিচালককে অনুসন্ধানপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম ফারুক আহমেদ ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। আর এর মাধ্যমে তিনি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন। চলতি বছরের মে মাসে দুদকের প্রধান কার্যালয়ে আসা এমন অভিযোগ যাচাই-বাছাই শেষে কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালককে অভিযোগ অনুসন্ধানে একজন অনুসন্ধান কর্মকর্তা ও তদারককারী কর্মকর্তা নিয়োগ দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন কমিশনে দাখিল করার জন্য কমিশন থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

