বরিশাল প্রতিনিধি : বরিশালে ইজিবাইকের ধাক্কায় বাবু বেপারী (৪০) নামের এক কৃষক নিহত হয়েছেন। সোমবার উজিরপুর উপজেলার ধামসা এলাকায় এই ঘটনা ঘটে। বাবু বেপারী ওই এলাকার মৃত দিলীপ বেপারীর ছেলে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার জানান, বাবু বেপারী রাস্তার পাশে দাঁড়িয়ে মাছ ধরা দেখছিল। এ সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে তিনি আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, লাশের সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়া তিনি জানান, বাবু বেপারী ও ইজিবাইক চালক একই এলাকার বাসিন্দা। ঘটনার পর বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়রা তার কাছে এসেছিল। পরে এক লাখ টাকার বিনিময়ে নিহতের পরিবারের সঙ্গে চালকের মীমাংসা করে দেওয়া হয়। তাই এ বিষয়ে নিহতের পরিবার কোনো মামলা করেনি।

