নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন না হওয়াটা ভয়ংকর কথা।’
রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে শুক্রবার বিকেলে ‘আইডিইবির প্রতিনিধি সম্মেলনে’ তিনি এ কথা বলেন।
সভাপতির বক্তব্যে আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদোন্নতি ও স্পেশাল ইনক্রিমেন্ট না বাড়ায় ক্ষোভ প্রকাশ করে দৃষ্টি আকর্ষণ করলে সৈয়দ আশরাফ একথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, ‘আপনারা যে কথাগুলো বলেছেন আপনাদের পদোন্নতির ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশ এদেশে বাস্তবায়ন হয় না, এটা আমার বিশ্বাস হয় না। হয়ে থাকলে এটা ভয়ংকর কথা। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব এবং তাকে বলব- আপনার নির্দেশ মানা হচ্ছে না।’
তিনি বলেন, ‘আপনারা সার্ভিসের পদোন্নতিসহ যে ব্যাপারগুলো বলেছেন, এই ব্যাপারগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে বসে বৈঠক করব। আপনাদের উপস্থাপিত বিষয়গুলো নিয়ে সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করব। আপনারা যেদিন নির্দেশ দেবেন, সেদিনই আসব। আপনারা যতটুকু সময় চান, ততটুকু সময় দেব।’
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আইনের শাসনে যেদেশ চলছে, আইন অনুযায়ী দেশ চলবে এবং জননেত্রী শেখ হাসিনার সরকার আইনের শাসনের সরকার।
তিনি বলেন, ‘এক দেশে দুই ধরনের আইন থাকতে পারে না। আমাদের দেশ আইনের দেশ, এখানে অবশ্যই আইন মানতে হবে, বাস্তবায়ন করতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এর কোনো বিকল্প নেই।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ, আইডিইবির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান।

