ঢাকাThursday , 6 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খাদিজার ওপর হামলার বিচার নিয়ে শঙ্কা গয়েশ্বরের

Link Copied!

Goesssorনিজস্ব প্রতিবেদক : কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের ওপর হামলার বিচার হবে কি না, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘আমরা সাগর-রুনিকে হারিয়েছি, কোনো বিচার পাইনি। তনুকে হারিয়েছি, বিচার পাইনি। তাই আশঙ্কা থেকে যায়, এ ঘটনা যেন তনু হত্যার মতো না হয়ে যায়।’ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
সিলেটে খাদিজাকে ছাত্রলীগ নেতা বদরুল প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করার ঘটনার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে জানিয়ে দলটির এই নীতিনির্ধারক বলেন, ‘সময়মতো প্রতিটি খুন, গুম এবং দুর্নীতির বিচার করা হবে।’ সে জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘আজ দেশ নারী-পুরুষ হত্যার অভয়ারণ্যে পরিণত হয়েছে। এরপরও ধোঁকাবাজি আর মিথ্যাচার করে এই সরকার ক্ষমতায় টিকে আছে।’
গয়েশ্বর বলেন, ‘দেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধীদলীয় নেতা মহিলা, স্পিকার মহিলা, তারপরও নারী হত্যা যেন দেশে রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। কিন্তু পুলিশ বাহিনী, গোয়েন্দা বাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী করছে? তাদের কাজ কি শুধু সরকারি লোকজনকে আর বিরোধী রাজনৈতিক লোকজনকে পাহারা দেওয়া? বিরোধী নেতা-কর্মীদের হয়রানি করা?’
এ সময় তিনি খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মানববন্ধনে অংশ নিয়ে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘দেশে একের পর এক মা-বোনদের হত্যা করা হচ্ছে। রাজনৈতিক কর্মীদের হত্যা করা হচ্ছে। কোনো বিচার হচ্ছে না। প্রকাশ্যে কলেজছাত্রী খাদিজাকে কোপাল ছাত্রলীগ নেতা, সেটারও কোনো বিচার হবে না?’
তিনি বলেন, ‘প্রতিটি হত্যার প্রকৃত ঘটনা আড়াল করে অভিযোগ করা হয় বিরোধী দলের ওপর। আর সেই সুযোগে অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে প্রকৃত অপরাধীরা। এভাবে চলতে দেওয়া যায় না। এ অবস্থার পরিবর্তন দরকার। এসব বন্ধ করতে হবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘দিবালোকে প্রকাশ্যে খাদিজার ওপর সন্ত্রাসী হামলা করা হলেও কেউ এগিয়ে আসেননি। কারণ, জনগণ এই সরকারের ওপর ক্ষুব্ধ। প্রতিবাদ করতে ভয় পায়। যদি সরকার তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে।’
সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খানের সঞ্চালনায় কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন শাম্মী আখতার, পেয়ারা মোস্তফা, নূরজাহান ইয়াসমিন, রাজিয়া আলিম।