ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য ছায়েদুল হককে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে তার বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে এতে সর্বসম্মতিক্রমে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কমিটির উপদেষ্টা পদ থেকে ছায়েদুল হককে অব্যাহতি দেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, বিগত নাসিরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অমান্য করে জেলা আওয়ামী লীগের সঙ্গে কোনো সমন্বয় না করে এককভাবে প্রার্থী দেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক।
মনোনয়ন দেওয়াসহ পরবর্তীতে কেন্দ্রীয় আওয়ামী লীগ মনোনীত গুনিয়াউক ও হরিপুর ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের পরাজিত করানোর চেষ্টা, কর্মী ও সমর্থকদের পুলিশ দিয়ে হয়রানি এবং গ্রেপ্তার করানোর ঘটনায় জেলা আওয়ামী লীগ তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়।
কিন্তু তিনি নোটিশ আমলে না নিয়ে কোনো জবাব দেননি। এর ফলে জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত অমান্য করে দলীয় শৃঙ্খলাভঙ্গ করার অভিযোগে তাকে উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব করেন সদস্যরা। পরে সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব পাশ হয়।
সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টুসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

