স্পোর্টস ডেস্ক : রিও প্যারালিম্পিকে একজন সাইক্লিস্ট সংঘর্ষে মারা গেছেন। ইরানি ওই প্যারা-সাইক্লিস্টের নাম বাহমান গোলবারনেজাদ। শনিবার পুরুষদের সি৪-৫ সড়কে প্রতিযোগিতার সময় এ দুর্ঘটনার শিকার হন তিনি।আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি এক বিবৃতিতে জানায়, ‘পাহাড়ি রাস্তায় মোড় নিতে গিয়ে দুর্ঘটনায় পড়েন হৃৎপিণ্ডের সমস্যায় ভুগতে থাকা গোলবারনেজাদ। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে পৌঁছার কিছুক্ষণ পরই মারা যান ৪৮ বছর বয়সি এই অ্যাথলেট।’
২০১২ সালে লন্ডন প্যারালিম্পিকে অংশগ্রহণ করেছিলেন গোলবারনেজাদ।রিওতে তার দুর্ঘটনার পর তদন্ত শুরু হয়েছে। তদন্ত নিয়ে সাইক্লিং গভর্নিং বডির পরিচালক পিয়ার্স জোনস বলেন, ‘আমরা যত দ্রুত সম্ভব দুর্ঘটনার তথ্য সংগ্রহ করছি। এর জন্য কিছু সময় লাগবে আমাদের।’ গোলবারনেজাদের মৃত্যুতে ইরানের প্যারালিম্পিক ভিলেজের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। আজ রোববার সমাপনী দিনে ইরানি এই সাইক্লিস্টের জন্য নীরবতা পালন করা হবে।
ইরানের জাতীয় প্যারালিম্পিক কমিটির মহাসচিব মাসউদ আশরাফী রোববার গোলবারনেজাদের লাশ নিয়ে ইরান ফিরে যেতে আইপিসি কমিটির কাছে আবেদন করেছেন। গোলবারনেজাদ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘গোলবারনেজাদ ১২ বছর ধরে সাইকেল চালিয়ে আসছে। সে আমাদের সেরা সাইক্লিস্ট ছিল। তার স্ত্রী ও এক ছেলে রয়েছে।’

