নিজস্ব প্রতিবেদক : দেশের শিক্ষা ব্যবস্থা আশানুরূপভাবে এগিয়ে যায়নি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে শিক্ষা দিবস ২০১৬ উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আরেফিন সিদ্দিক বলেন, ‘ভাবতে অবাক লাগে যে, আমরা উন্নত মানসম্পন্ন শিক্ষার জন্য ৫৪ বছর আগে থেকে চিন্তা করছি। সেই হিসেবে আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক দূর এগিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এখনো আশানুরূপভাবে এগিয়ে যায়নি।’
তিনি বলেন, ‘আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে অবশ্যই গলদ রয়েছে। যে কারণে অনেকে শিক্ষিত হওয়া সত্ত্বেও ভালো মানুষ হয়ে উঠছে না। যেখান থেকে শিক্ষিত ছাত্র বের হওয়ার কথা সেখান থেকে শিক্ষা বঞ্চিত হয়ে অনেকে ভুল পথে গিয়ে জঙ্গি হয়ে বের হয়ে আসছে। এর পেছনে ছাত্র, শিক্ষক, অভিভাবকের ব্যক্তিগত ব্যর্থতা নেই। তিনজনের ব্যর্থতার সমন্বয় এটি। তাই এগুলো চিহ্নিত করে সমাধান করা দরকার।’
তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, ‘পরীক্ষা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পাশাপাশি কোচিং বাণিজ্য চিরদিনের জন্য নির্মূল করতে হবে। কারণ শিক্ষার্থীরা যখন ভালো ফলাফলের জন্য কোচিং সেন্টারে যায় তখন শ্রেণিকক্ষের শিক্ষার সঙ্গে তার মনে সংঘর্ষ তৈরি হয়।’
আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়কারী অধ্যাপক কাজী ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় ছিলেন, অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, সিদ্ধেশ্বরী কলেজের অধ্যক্ষ ফয়েজ হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মহসিন রেজা প্রমুখ।

