টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে মির্জাপুর উপজেলার ইছাইল ও বঙ্গবন্ধু সেতুর কাছে আনালিয়া বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ১৮ জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- কুড়িগ্রামের উলিপুর উপজেলার মমিনুল ইসলামের স্ত্রী ছালমা আক্তার (২৫), একই জেলার রাজারহাট উপজেলার রহিমা (৩০) ও তার ছেলে বায়োজিদ (৭) এবং গাইবান্ধার বানিয়াজং গ্রামের বেলালের ছেলে তৌহিদ (২৭ ।
গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান পাটোয়ারি বলেন, মির্জাপুর উপজেলার ইছাইল এলাকায় ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত দুজন ও ২০ জন আহত হন। তাদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এদিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি গাইবান্ধার বানিয়াজং গ্রামের বেলালের ছেলে তৌহিদ (২৭)। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান বলেন, সকাল ৯টার দিকে আনালিয়া বাড়ি এলাকায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

