নিজস্ব প্রতিবেদক : পশু কোরবানি আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদ-উল আযহা। হিজরী সন অনুসারে আজ ১০ জিলহজ অর্থাৎ ১৩ সেপ্টেম্বর সারা দেশে জুড়ে উদযাপিত হচ্ছে এই ঈদ। এ ঈদে স্রষ্টার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি দেওয়া হয়। বরাবরের মতো এ বছরও ঈদ-উল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়।
পবিত্র ইসলাম ধর্মমতে, প্রায় চার হাজার বছর আগে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নবী হযরত ইব্রাহিম (আ.) তাঁর ছেলে হযরত ইসমাইলকে (আ.) কোরবানি করতে গিয়েছিলেন। আল্লাহর কুদরতে হজরত ইসমাইলের পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। স্রষ্টার প্রতি নবীর এই নিবেদনের মহিমার কথা স্মরণ করে মুসলমান সম্প্রদায় জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহর অনুগ্রহ লাভের আশায় পশু কোরবানি করে থাকেন।
প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এছাড়া, বায়তুল মোকাররম মসজিদে ঈদ-উল আযহার মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা সকাল ৭টায়, সকাল ৮টা, ৯টা, ১০টা এবং পৌনে ১১টায়।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ৭টায় একটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা বার্তায় মো. আবদুল হামিদ কোরবানির ত্যাগের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তায় কোরবানির ত্যাগের মর্মপ্রন্তরে ধারণ করে দেশকে এগিয়ে নিতে কাজ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হিংসা-বিদ্বেষ ভোলার আহ্বান জানিয়েছেন দেশবাসীকে।
দৈনিক পাঞ্জেরী পরিবারের শুভেচ্ছা : ঈদ-উল আযহা উপলক্ষে আমাদের পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীসহ সকলকে দৈনিক পাঞ্জেরী পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

