
সঠিক মাত্রায় সুষম সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধকরণ ও সচেতনতা সৃষ্টিতে আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের উপ-পরিচালক কৃষিবিদ মো. মুকছেদুর রহমান (মাকসুদ)
নিজস্ব প্রতিনিধি : সিলেটের সদর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শতাধিক কিষাণ কিষাণীদের নিয়ে মাঠ দিবস পালিত হয়েছে। গত ২ সেপ্টেম্বর খাদিমপাড়া ইউনিয়নের বহরদাস গ্রামের কৃষক গঙ্গেশ পালের প্রদর্শনী প্লটের আউশ (ব্রি ধান-৪৮) ধানের ফলন নিয়ে এই মাঠ দিবসের আয়োজন করা হয়।
ফসলের জমিতে সুষম সার সঠিক মাত্রায় প্রয়োগে কৃষকদের উদ্বুদ্ধকরণ এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে ধারণা দেয়া হয়। কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (সিলেট সদর উপজেলা)’র সহযোগিতায় ড্রাগন ফার্টিলাইজার বাংলাদেশ লিমিটেড, ক্যানপোটেক্স লিমিটেড (কানাডা)’র যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট জেলার উপ-পরিচালক কৃষিবিদ মো. আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের উপ-পরিচালক (সার ব্যবস্থাপনা) কৃষিবিদ মো. মুকছেদুর রহমান (মাকসুদ)। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই)’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. তৈয়বুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. কোহিনুর বেগম, আরো বক্তব্য রাখেন ড্রাগন ফার্টিলাইজার বাংলাদেশ লি.-এর প্রকল্প ব্যবস্থাপক মো. তারিকুল ইসলাম ও প্রকল্প কর্মকর্তা মো. আব্দুল হামিদ।
আলোচনা সভায় মাটি পরীক্ষা করে সুষম মাত্রায় সার প্রয়োগের উপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, মাটি পরীক্ষা করে, মাত্রা বুঝে জমিতে সার প্রয়োগ করলে মাটির উর্বরতা বৃদ্ধির পাশাপাশি মাটির স্বাস্থ্য রক্ষা পায় এবং ফসলের গুনগত মান ও ফলন বৃদ্ধি পায়।

