শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ১৮ জনকে আটক করে থানা পুলিশ। সোমবার সকালে জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে এই ঘটনা ঘটে।তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
জাজিরা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার বড় কান্দি ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান স্থানীয় আওয়ামী লীগ নেতা শফি খলিকা ও বর্তমান চেয়ারম্যান সিরাজ সরদার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই দুই গ্রুপ মাঝে মধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আজ উভয় গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের বাড়ি-ঘরে হামলার প্রস্তুতি নেয়। এ সময় কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। খবর পেয়ে জাজিরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় গ্রুপের ১৮ জনকে আটক ও ১৫টি টেঁটা ও একটি রামদা উদ্ধার করে।
জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বড়কান্দ্রি ইউনিয়নে দুই গ্রুপের সংঘর্ষের প্রস্তুতিকালে ১৮ জনকে আটক ও ১৫টি টেঁটা ও একটি রামদা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা করে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

