নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজার থানার পশ্চিম ইসলামবাগের ক্লাব ঘাটের একটি গুদামে অগ্নিকাণ্ডে তিনজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দুপুর দেড়টায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন চকবাজার থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আবু সায়িদ।
দগ্ধ ব্যক্তিরা হলেন-আব্দুল বাতেন (৩০), হুমায়ুন কবির (১৭) ও আব্দুল মজিদ (২৫)।
তিনি বলেন, ‘দুপুর দেড়টায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জেন্ট পার্থ শঙ্কর পাল জানান, অগ্নিকাণ্ডে দগ্ধ তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আগুনে আব্দুল বাতেনের শরীরের ৭০ শতাংশ, হুমায়ুন কবিরের ৫২ শতাংশ ও আব্দুল মজিদ ৪৬ শতাংশ দগ্ধ হয়েছে।

