টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে।
আজ শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ের সংযোগ সড়কের ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান জানান, শুক্রবার সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নিহত হয়। এ ঘটনায় আহত হয় ট্রাকের চালকসহ বাসের ২০ যাত্রী। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। এ ঘটনার পর মহাসড়কে বেশ কিছু সময়ের জন্য দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়।

