বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। ইতোমধ্যে আট শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। কয়েক বছর ধরে মিশা অভিনীত সর্বাধিক সংখ্যক সিনেমা মুক্তি পাচ্ছে। চলচ্চিত্রের পাশাপাশি তিনি বিজ্ঞাপন চিত্রেও কাজ করছেন।
সম্প্রতি একটি বহুজাতিক পণ্যের প্রতিষ্ঠানের একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে কাজ করলেন মিশা সওদাগর। এ প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘গতকাল একটি সিকিউরিটি ডোরের বিজ্ঞাপনের শুটিং করেছি। কাজটি ভালো হয়েছে।’
এ বিজ্ঞাপনে দেখা যাবে, একটি বাড়ির মালিক মিশা সওদাগর। তার বাড়িতে দুজন সিকিউরিটি গার্ড হিসেবে থাকেন জাদু আজাদ ও জাহিদ। নতুন সিকিউরিটি ডোর বাসায় ব্যবহার করার পর বাড়িতে আর কোনো সিকিউরিটি গার্ডের প্রয়োজন হয় না।
সম্প্রতি বিএফডিসিতে এই বিজ্ঞাপচিত্রের শুটিংয়ে অংশ নেন মিশা। রাসেল অংকুরের নির্মিতব্য এই বিজ্ঞাপনে অভিনয় করেছেন খল অভিনেতা জাদু আজাদ ও জাহিদ। খুব শিগগিরই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনচিত্রটি প্রচারিত হবে বলে জানা গেছে।

