বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা আইরিন সুলতানা ও ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা সমদর্শী দত্ত জুটি বেধে অভিনয় করছেন ‘বাষ্পস্নান’ শিরোনামের সিনেমায়। এটি পরিচালনা করছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।
বর্তমানে সিনেমার শেষাংশের দৃশ্যধারণের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ নির্মাতা। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে শুরু দৃশ্যায়নের কাজ চলছে বলে জানান এই নির্মাতা।
এ প্রসঙ্গে আইরিন বলেন, ‘ডায়মন্ড ভাইয়ের মতো গুণী পরিচালকের সঙ্গে কাজ করতে পারছি বলে নিজেকে ধন্য মনে করছি। সিনেমার কাজ অনেক ভালো হচ্ছে। এ সিনেমায় ভিন্ন এক আইরিনকে খুঁজে পাবেন দর্শক।’
চলতি বছরের ১ এপ্রিল থেকে রাজশাহী, নাটোর, চাঁপাই নবাবগঞ্জসহ নানা জায়গায় ২৫ এপ্রিল পর্যন্ত টানা এ সিনেমার দৃশ্যধারণের কাজ হয়েছে।
সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড ঐতিহাসিক তেভাগা আন্দোলন নিয়ে ‘নাচোলের রানী’ সিনেমাটি নির্মাণ করেন। সিনেমাটি চলচ্চিত্র বোদ্ধাদের কাছে ও আন্তর্জাতিক পর্যায়েও ব্যাপক প্রশংসিত হয়। পরবর্তীতে গুণী এই নির্মাতা ‘গঙ্গাযাত্রা’ও ‘অন্তর্ধান’ নামে আরো দুটি চলচ্চিত্র নির্মাণ করেন। তার ‘গঙ্গাযাত্রা’চলচ্চিত্রটি জাতীয় (৮টি সেক্টরে) এবং আন্তর্জাতিক (৪টি সেক্টরে) পুরস্কার লাভ করে।

