ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন- এই তিন উপজেলায় অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলাটিমের চার সক্রিয় সদস্য আটক করেছে পুলিশ।
এ সময় বিপুল পরিমাণ জিহাদি বই, অস্ত্র, গুলি, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল তাদের আটক করতে সক্ষম হয়।
শনিবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে এক ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. জামিল হাসান জানান, ময়মনসিংহের একটি মামলায় এজাহারভুক্ত আসামি নাহিদ মোল্লাকে (২০) ভাঙ্গা থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য বলে স্বীকার করে। পরে তার কথামতো ফরিদপুর অঞ্চলের দলনেতা ফরিদ মৃধাকে (৩২) গতকাল শুক্রবার রাতে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা তার একনিষ্ঠ সহকারী মো. সহিদুল ইসলাম (৩৫) ও মহসীন মোল্লাকে (৩৫) আটক করা হয়।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি নাইন এমএম পিস্তল, একটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড গুলি, ২২টি হাতবোমা, ডিভাইসযুক্ত চশমা, প্রচুর জিহাদি বই ও বোমা তৈরির সরঞ্জাম।
তিনি বলেন, এই আটকের মাধ্যমে বড় ধরনের নাশকতা থেকে রক্ষা পেল দেশ। এদের বিরুদ্ধে এখন বিভিন্ন আইনে মামলা দায়ের ও তাদের রিমান্ডের আবেদন করা হবে।

