ঢাকাTuesday , 23 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিমান্ডে মুখ খুলছে না ‘আনসার রাজশাহী’র দুই জঙ্গি

Link Copied!

ansar_bahiniরাজশাহী প্রতিনিধি : নতুন জঙ্গি সংগঠন ‘আনসার রাজশাহী’র দুই সদস্য এখন রিমান্ডে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মঙ্গলবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, রিমান্ডে এখন পর্যন্ত তারা নতুন কোনো তথ্য দেয়নি।
তিনি জানান, সোমবার দুপুরে আনসার রাজশাহীর দুই সদস্য আমিনুল ইসলাম ওরফে রুমি (২৩) ও এনামুল হক ওরফে সবুজকে (২২) রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে নিয়ে আসা হয়। এরপর রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে বিকেল ৪টা থেকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত তারা নতুন কোনো তথ্য দেয়নি।
গত রোববার দুপুরে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৪ এর বিচারক একরামুল করিম শুনানি শেষে রুমি ও সবুজের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।এর আগে গত ১৭ আগস্ট তদন্ত কর্মকর্তা আদালতে তাদের সাত দিন করে রিমান্ডের আবেদন করেছিলেন।
এসআই রুহুল আমিন বলেন, ‘দুই আসামিকে আমি ৪৮ ঘণ্টা করে জিজ্ঞাসাবাদ করতে পারব। সে অনুযায়ী বুধবার দুপুরের মধ্যেই তাদের জেলহাজতে পাঠাতে হবে। আনসার রাজশাহী নামের এই জঙ্গি সংগঠন কিভাবে গড়ে ওঠলো, এতে অর্থায়ন করে কারা, সংগঠনটির পরিকল্পনা কি কি এবং এর সঙ্গে আর কে কে জড়িত আছে- রিমান্ডে সেসব বিষয়ই জানার চেষ্টা করা হচ্ছে।কিন্তু এখন পর্যন্ত তারা কোনো বিষয়েই মুখ খোলেনি। যে কোনো প্রশ্নে তাদের উত্তর “জানি না”।’
উল্লেখ্য, গত ১৬ আগস্ট রাতে রুমি ও সবুজকে বাগমারা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি উপজেলার শ্রীপুর খামারপাড়া গ্রামে। রুমির বাবার নাম সাইফুল ইসলাম ওরফে টিপু। আর সবুজের বাবার নাম আবদুর রাজ্জাক।
রুমি ও সবুজ সম্পর্কে দুই খালাতো ভাই। তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডে জড়িত জেএমবি সদস্য শরিফুল ইসলামের ফুফাতো ভাই। রাবির ইংরেজি বিভাগেরই শিক্ষার্থী শরিফুল ১৫ মাস ধরে ‘নিখোঁজ’। তাকে ধরিয়ে দিতে সম্প্রতি রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পক্ষ থেকে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
পুলিশের বক্তব্য, পলাতক থাকা অবস্থায় জেএমবি সদস্য শরিফুল ‘আনসার রাজশাহী’ গড়ে তুলেছে। দেশের সংখ্যালঘু চিকিৎসক ও মুক্তমনা মানুষকে হত্যার মিশন নিয়ে তারা কাজ করছে। এরই মধ্যে তারা বাগমারার হিন্দুপাড়া এলাকার নীরেন্দ্রনাথ সরকার (৫৮) নামে এক হোমিও চিকিৎসককে হত্যার পরিকল্পনা করেছিল। তবে রুমি ও সবুজকে গ্রেপ্তারের মধ্য দিয়ে তাদের এই পরিকল্পনা ভেস্তে যায়।
তাদের গ্রেপ্তারের পর এক সংবাদ সম্মেলনে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মোয়াজ্জেম হোসেন জানিয়েছিলেন, রাজশাহী ও পাবনাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার বিপথগামী কিছু যুবক এই জঙ্গি সংগঠন গড়ে তুলেছে। সংগঠনটির আরো চারজনের নাম জানা গেছে। এদের নেতৃত্বে আছে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকার আবু ইব্রাহীম ওরফে তারেক ওরফে রিপন (২৪) নামে আরেক যুবক। গ্রেপ্তার রুমি ও সবুজ ‘থ্রিমা’ নামের একটি মোবাইল অ্যাপসের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করত।