নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত দলটির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলেছে। জনগণ এখন আর নির্বাচনের কথা শুনতেই চায় না। কারণ এখন নির্বাচন মানেই হলো আগের রাতেই ভোটের বাক্স ভর্তি করা, জনগণ যাকে ভোট দেবে অন্য জনকে বিজয়ী ঘোষণা করা।’
শাসকদলের নির্যাতনের প্রসঙ্গ তুলে বিএনপির এই প্রবীণ নেতা বলেন, ‘বাংলাদেশের এমন কোনো থানা ও জেলা নেই যেখানে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করে হাজতখানা বা কারাগারে রাখা হয়নি। এমনকি আন্দোলনে পঙ্গু হয়ে এমন কোনো হাসপাতাল নেই যেখানে দলের নেতা-কর্মীরা চিকিৎসা নেননি। অপমৃত্যুর স্বীকার হয়ে বাংলাদেশের সব গোরস্থানেই সম্ভবত বিএনপির নেতা-কর্মীদের কবর আছে।’
বিএনপির এই নেতা জানান, সব মানুষের জীবন এখন অনিশ্চিত। কেউ নিশ্চিত নন, কখন কী হবে?
নজরুল ইসলাম বলেন, ‘স্বাধীনতার পর দেশের প্রথম গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাই স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে এই অবৈধ সরকারের কাছ থেকে দেশকে রক্ষা করা দলটির দায়িত্ব।’
এ সময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীসহ গ্রেপ্তার হওয়া সব নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।
আয়োজক সংগঠনের সিনিয়র সহসভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, সংগঠনের সহসভাপতি গোলাম সরোয়ার, মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম, এনডিপির যুগ্ম মহাসচিব শামসুল আলম প্রমুখ।

