গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শাপলা বেগম (২৩) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৩ জনকে আটক করেছে।
আজ সোমবার বিকেল ৪টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চকমাকড়া গ্রাম থেকে গৃহবধূ শাপলার লাশ উদ্ধার করে পুলিশ।
শাপলা ওই গ্রামের শাহিন মিয়ার স্ত্রী এবং উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কুন্দেরপুর গ্রামের ছহির উদ্দিনের মেয়ে।
ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন গা ঢাকা দিয়েছে। এ ঘটনায় শাহিনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন শাপলা বেগমের পরিবারের সদস্যরা।
গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, দুপুরে নিজ ঘরের মেঝেতে শাপলার লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায় প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, চার বছর আগে শাহিনের সঙ্গে শাপলার বিয়ে হয়। তাদের সংসারে দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। যৌতুকের দাবিতে প্রায়ই শাপলাকে মারপিট করত। এরই ধারাবাহিকতায় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান তারা।

