নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘গুলশান ও শোলাকিয়া ঈদগাহ মাঠে হামলার মাধ্যমে দেশকে পিছিয়ে নেওয়ার চক্রান্ত করছে স্বাধীনতার পরাজিত শক্তি।’
রোববার ইডেন মহিলা কলেজ মিলনায়তনে প্রতিষ্ঠানটি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, জঙ্গিরা তাদের কৌশল পাল্টেছে। এখন মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়োগ দিচ্ছে। তাই দৃষ্টি রাখতে হবে, তাদের আচরণের কোনো পরিবর্তন আসছে কি না। তারা মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের রিক্রুট করছে। তাই তাদের ওপর নজরদারি বাড়াতে হবে। আচরণের কোনো পরিবর্তন দেখলে বা ক্লাসে ১০দিন অনুপস্থিত থাকলে অভিভাবকদের জানাতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের সময় স্বাধীনতা বিরোধীরা মন্ত্রী হয়েছিলেন। তখনই ঘটেছিল ২১ আগস্টের গ্রেনেড হামলা। বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে জনসভার মধ্যে গ্রেনেড হামলা চালানো হয়েছিল। কিন্তু এই হামলার বিচার এখনো হয়নি। কাজেই গ্রেনেড হামলা মামলার বিচার দাবি জানাচ্ছি।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ছাড়া নারী ক্ষমতায়ন সম্ভব নয়। মেয়েরা এখন স্কুল-কলেজ পর্যায়ে ভালো করছে। তারা আর ছেলেদের চেয়ে পিছিয়ে নেই।
ইডেন কলেজের অধ্যক্ষ গায়ত্রী চ্যাটার্জীর সভাপতিত্বে সভায় শিক্ষাসচিব সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ওয়াহিদুজ্জামান, অধ্যাপক মুক্তিরাণী সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

