যশোর প্রতিনিধি : যশোরে বাস ও ট্রাক সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ যাত্রী।
রোববার দুপুরের দিকে যশোর নিউ মার্কেট তেল পাম্প এলাকায় যশোরগামী সোহাগ পরিবহের একটি বাসের সঙ্গে ঢাকাগামী ট্রাকের সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক শফিকুল ইসলাম (৩০) সাতক্ষীরা সদরের হাজীপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন- ট্রাকের হেলপার সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা গ্রামের বকিব উদ্দিনের ছেলে শিপন (১৮), বাসের যাত্রী পাবনার মোবারক হোসেনের ছেলে শিমুল (৩১), যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের আবদুল খালেকের ছেলে বাদল (৪০), খুলনার রুস্তম আলীর ছেলে লিয়াকত আলী (৪০)।
আহত আবুল হোসেন (৪৫) ও আরাফাত (২১) পরিচয় জানা যায়নি। বাসের চালকসহ আরও অন্তত ৪/৫ জনকে ঢাকায় নেওয়া হয়েছে।
যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

