ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ঝড়ে বাকন্ডা এলাকার জোবাইদা করিম জুট মিলের ভবন ধসে চার শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক শ্রমিক।
রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের নাম পাওয়া গেছে। তারা হলেন বীরেন সিকদার (৫০) ও হযরত আলী (৪০)। নিহত অপর দুইজনের মধ্যে একজন নারী ও একজন কিশোর।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই হালকা বৃষ্টি হচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে ঝড় শুরু হয়। ঝড়ে বাকন্ডা এলাকার জোবাইদা করিম জুট মিলের ভবন ধসে অন্তত অর্ধশতাধিক শ্রমিক আহত হয়। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে বীরেন, হযরত আলী ও অজ্ঞাতনামা এক নারী ও এক কিশোর মারা যান।
এ ছাড়া ঝড়ে সদর, মধুখালীসহ বিভিন্ন এলাকার শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

