সিলেট প্রতিনিধি : সিলেট এমসি কলেজ ছাত্রাবাসের পুকুর থেকে তরিকুল ইসলাম (১৬) নামক এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
তরিকুল নগরীর বালচুর এলাকার টিভি গেটের মোহাম্মদীয় ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী। সে নগরীর খরাদিপাড়া বৈশাখী ৯৩নং বাসার ফজলু মিয়ার ছেলে।
শাহপরান থানা পুলিশ রোববার বেলা সাড়ে ১১টার দিকে তরিকুলের লাশ উদ্ধার করে।
জানা যায়, গতকাল শনিবার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে এমসি কলেজ ছাত্রাবাসের পুকুরে সাঁতার কাটার সময় তলিয়ে যায় তরিকুল ইসলাম। আজ রোববার তার লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
শাহপরান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল মুন্সী বিষয়টি নিশ্চিত করেছেন।

