নিজস্ব প্রতিবেদক : মধ্যবর্তী সাধারণ নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, ‘অনির্বাচিত সরকার একের পর এক জাতীয় স্বার্থের উপর আঘাত হেনে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। আর এ থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে, একটি সুষ্ঠু মধ্যবর্তী নির্বাচন।’
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘আন্তজাতিক মিডিয়া সাংস্কৃতিক আগ্রাসন এবং জাতীয় স্বার্থ’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘দেশে গণতন্ত্র নেই, নেই আইনের শাসন। আর কত রক্ত দিলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে?’ দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আরেকবার রাজপথে আমাদের নামতেই হবে। এর বিকল্প পথ নেই।’
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন দিন। আইনশৃংখলা বাহিনীকে নিরপেক্ষ রেখে জনগণকে সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ দিন, কত ধানে কত চাল বুঝবেন।’
আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতউল্লাহ, চিত্রনায়িকা শায়লা প্রমুখ।

