নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জঙ্গিবাদ দমনের পরিবর্তে এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে অভিযোগ করে জনগণকে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
এ সময় তিনি দাবি করেন, দেশে গণতন্ত্রের অনুপস্থিতির কারণেই জঙ্গিবাদের আবির্ভাব এবং প্রসার ঘটেছে।
শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক প্রতিবাদ সভায় এ কথা বলেন বিএনপির এই নেতা।
বিএনপির ভাইস চেয়ারম্যান এবং গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানের মুক্তির দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করে ‘মেয়র মান্নান মুক্তি পরিষদ’ নামের একটি সংগঠন।
ড. মোশাররফ বলেন, ‘দেশে গণতন্ত্র নেই বলে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। অথচ সরকার জঙ্গি দমন না করে বিভিন্ন কথা বলে উল্টো বিভ্রান্তি ছড়াচ্ছে। সরকার জঙ্গিবাদ উৎখাত না করে রাজনৈতিক ব্লেম গেম করছে। এর বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে।
জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো সরকার বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারে না উল্লেখ করে নেতা-কর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানান তিনি।
খন্দকার মোশাররফ বলেন, কর্তৃত্ববাদী সরকার বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। কারণ বাকশালী সরকার এত অন্যায়, অত্যাচার, অপকর্ম করছে যে, তারা নিজেরাই নিজেদের পতন ঘটাবে।
গণতন্ত্রহীন সরকারকে যুক্তির কথা বলে লাভ নেই মন্তব্য করে ড. মোশাররফ বলেন, বর্তমান ক্ষমতাসীনরা জনগণের ভোটে নির্বাচিত নয়। এ সরকার গণতান্ত্রিক সরকার নয়। এরা ফ্যাসিবাদী সরকার। তারা গণতন্ত্রকে সম্মান করতে জানে না। গণতন্ত্রহীন, বাকশালী দেশে দাবি করে কোনো কিছু আদায় করা যাবে না। আইনের কথা, যুক্তির কথা বলে লাভ হবে না। সে জন্য আন্দোলন করতে হবে।
গাজীপুরের মেয়র ও বিএনপি নেতা এম এ মান্নানকে সরকার ইচ্ছে করে বারবার কারাগারে আটক রাখছে অভিযোগ করে দলটির এই নেতা বলেন, মান্নানের মতো জনপ্রতিনিধিকে বিভিন্ন মামলা দিয়ে নির্যাতন করছে সরকার। জনগণের ভোটে নির্বাচিত হওয়াই তার অপরাধ। পরিকল্পিতভাবে একের পর এক মামলা দেওয়া হচ্ছে তার নামে। এটা অমানবিক।
তিনি বলেন, মেয়র হয়ে সরকারের সঙ্গে আঁতাত না করাই এম এ মান্নানের জন্য কাল হয়েছে। সরকার তাকে নির্বাচিত পদে বসতে দেবে না, কাজও করতে দেবে না। সরকার যেহেতু নির্বাচিত নয়, তাই নির্বাচিত লোকেরা সিটি চালাবে এটা সরকারের সহ্য হয় না। এ জন্য মেয়র মান্নানসহ সারা দেশের বিএনপি-সমর্থিত সিটি মেয়রকে সরকার মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখে তাদের বরখাস্ত করে দিয়েছে।
এ সময় মেয়র মান্নানের মুক্তির দাবিতে গাজীপুরের প্রতিটি উপজেলা, থানা, ওয়ার্ড থেকে সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুলের সভাপতিত্বে এবং মাহমুদুল হাসান রাজুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক নেতা এম আব্দুল্লাহ, বিএনপির সহশ্রমিক সম্পাদক হুমায়ন কবির খান, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার কাজী মারুফ হোসেন প্রমুখ।

