গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে নিখোঁজের তিন দিন পর আলী মল্লিক (১২) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার গোপালপুর গ্রামের ঘাঘর নদী থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।
আলী ওই গ্রামের আলম মল্লিকের ছেলে। সে ফেরি করে আমড়া বিক্রি করত।
স্থানীয়রা জানায়, আলী গত ১৭ আগস্ট আমড়া নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজ করেও না পেয়ে এ ঘটনায় আলীর বাবা আলম মল্লিক কোটালীপাড়া থানায় ১৮ আগস্ট একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আজ সকালে আলম মল্লিক বাড়ি থেকে ৩০০ গজ দূরে ঘাঘর নদীর পাশে একটি কলাবাগানে ভাসমান অবস্থায় ছেলের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

